
তিতাস, কুমিল্লা · ঐতিহাসিক স্থান · লুকানো রত্ন
মজিদপুর জমিদার বাড়ি
কুমিল্লার তিতাস উপজেলার প্রত্যন্ত গ্রাম মজিদপুর। শান্ত-নিরিবিলি এই গ্রামের বুকেই দাঁড়িয়ে আছে প্রায় ২০০ বছরের প্রাচীন মজিদপুর জমিদার বাড়ি—যা আজও বহন করে চলেছে এক হারিয়ে যাওয়া সময়ের ইতিহাস ও ঐতিহ্যের স্মৃতি। একসময় জমিদারদের পদচারণা, মানুষের কোলাহল ও ব্যস্ততায় মুখরিত এই বাড়ি এখন অনেকটাই নীরব। সময়ের সঙ্গে সঙ্গে এর প্রাচীন ভবনগুলো জরাজীর্ণ হয়ে পড়েছে। কোথাও দেয়ালের গায়ে জন্মেছে পরগাছা, কোথাও লতা-পাতায় ঢেকে গেছে পুরোনো স্থাপত্যের নিদর্শন। যথাযথ সংরক্ষণ ও সংস্কার করা হলে এই ঐতিহাসিক স্থানটি কুমিল্লার অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হয়ে উঠতে পারে বলে মনে করেন স্থানীয়রা। স্থাপত্যে ইতিহাসের ছাপ মজিদপুর জমিদার বাড়ির বিভিন্ন ভবনের দেয়ালে রয়েছে নানা ধরনের নান্দনিক কারুকাজ। জরাজীর্ণতার মধ্যেও এসব স্থাপত্যকর্ম আজও দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। প্রতিটি দেয়াল, পুরোনো ভবন ও স্থাপনার সঙ্গে যেন মিশে আছে কয়েক শতাব্দী আগের জীবনযাত্রার গল্প। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, জমিদার বাড়ি কমপ্লেক্সে মোট ১৭টি ভবন ছিল। এর মধ্যে ইতোমধ্যে চারটি ভবন ভেঙে ফেলা হয়েছে। বাড়ির পাশে রয়েছে একটি বড় দীঘি এবং ছোট-বড় মিলিয়ে প্রায় ২০টি পুকুর। বর্তমানে জমিদার পরিবারের কোনো উত্তরাধিকারীর সন্ধান পাওয়া যায়নি এবং অবশিষ্ট ভবনগুলোও অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় রয়েছে। মজিদপুর জমিদার বংশের ইতিহাস স্থানীয় সূত্রে জানা যায়, জমিদারি শাসনের শুরুর দিকে শ্রী রামলোচন রায় মজিদপুরে এসে বসতি স্থাপন করেন। পরবর্তীতে তাঁর বংশধরদের হাত ধরে এ অঞ্চলে জমিদারি বিস্তৃত হয়। রামলোচন রায়ের তিন ছেলে ছিলেন—কালীচরণ রায়, ব্রজেন্দ্র কুমার রায় ও শিবচরণ রায়। বংশপরম্পরায় তাঁদের জমিদারি পরিচালিত হয় এবং জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার আগ পর্যন্ত এই বংশের প্রভাব এ অঞ্চলে বিদ্যমান ছিল। স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, তাঁদের জমিদারি মেঘনা, তিতাস, হোমনা ও মুরাদনগর পর্যন্ত বিস্তৃত ছিল। কী দেখতে পাবেন মজিদপুর জমিদার বাড়িতে গেলে আপনি দেখতে পাবেন— - প্রাচীন জমিদারবাড়ির জরাজীর্ণ ভবন - দেয়ালের নান্দনিক কারুকাজ ও পুরোনো স্থাপত্যের নিদর্শন - পুরোনো দীঘি ও অসংখ্য পুকুর - লতা-পাতায় আচ্ছাদিত ঐতিহাসিক স্থাপনা - গ্রামীণ পরিবেশের মধ্যে হারিয়ে যাওয়া জমিদারি আমলের স্মৃতি বর্তমান জরাজীর্ণ অবস্থার মধ্যেও জায়গাটির একটি আলাদা ঐতিহাসিক আবহ রয়েছে। ইতিহাস ও পুরোনো স্থাপত্যে আগ্রহী ভ্রমণকারীদের কাছে এটি হতে পারে একটি ব্যতিক্রমী অভিজ্ঞতা। কীভাবে যাবেন মজিদপুর জমিদার বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর গ্রামে অবস্থিত। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে এসে কুমিল্লার গৌরীপুর বাসস্টেশন থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তরে গেলে তিতাস উপজেলার কড়িকান্দি বাজার। সেখান থেকে পশ্চিম দিকে প্রায় ৫ কিলোমিটার পথ পাড়ি দিলেই পৌঁছানো যাবে মজিদপুর জমিদার বাড়িতে। হারিয়ে যেতে বসা ইতিহাস আজ সময়ের ক্ষয়, অবহেলা ও সংরক্ষণের অভাবে মজিদপুর জমিদার বাড়ি ধীরে ধীরে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। অথচ এর প্রতিটি পুরোনো দেয়াল, কারুকাজ ও স্থাপনা এ অঞ্চলের অতীতের সাক্ষ্য বহন করে। মজিদপুর জমিদার বাড়িতে গেলে খানিকটা সময়ের জন্য যেন হারিয়ে যাওয়া যায় অতীতের সেই দিনগুলোতে। কল্পনায় ভেসে উঠতে পারে জমিদার বাড়ির পুরোনো কোলাহল, মানুষের আনাগোনা আর জমিদারি আমলের জীবনযাত্রার নানা দৃশ্য। যথাযথ প্রত্নতাত্ত্বিক জরিপ, সংরক্ষণ ও সংস্কারের উদ্যোগ নেওয়া হলে মজিদপুর জমিদার বাড়ি কুমিল্লার একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও পর্যটন গন্তব্যে পরিণত হতে পারে।
কীভাবে যাবেন
ঢাকার সায়দাবাদ অথবা যাত্রাবাড়ী থেকে কুমিল্লা আগামী যে কোন বাসে উঠে নেমে যেতে হবে গৌরীপুর বাস স্ট্যান্ড ভাড়া নিবে 100 থেকে দেড়শ শত টাকা, তারপর সেখান থেকে লোকাল সিএনজিতে করে চলে আসতে হবে কড়িকান্দি বাজার ভাড়া নিবে 30 টাকা, তারপর সেখান লোকাল অটোতে করে সরাসরি চলে আসা যাবে মজিদপুর জমিদার বাড়িতে, ড্রাইভার অনেক ক্ষেত্রে মেইন রাস্তায় নামিয়ে দিতে পারে, সে ক্ষেত্রে গাড়ি থেকে নেমে দুই থেকে চার মিনিট হাঁটলেই পৌঁছে যাওয়া যাবে কাঙ্খিত গন্তব্যে।
কোথায় থাকবেন
আশেপাশে থাকার মত তেমন কোন ব্যবস্থা নেই তবে যদি কুমিল্লার অন্যান্য জায়গাগুলো ভ্রমণ করার প্লান থাকে, তবে সে ক্ষেত্রে কুমিল্লা শহরে বেশ কিছু হোটেল পাওয়া যাবে।
কাছে খাবারের ব্যবস্থা
মজিদপুর জমিদার বাড়ির আশেপাশে গ্রামের এনক দুইটা চায়ের স্টল আছে, তবে ভালো খাবার পেতে হলে আপনাদেরকে কড়িকান্দি বাজার আসতে হবে।
কাছের দর্শনীয় স্থান
ময়নামতি বৌদ্ধ বিহার প্রায় পঞ্চাশ কিলোমিটার
নিরাপত্তা পরামর্শ
জায়গাটার চারদিকে স্থানীয় মানুষদের বসতি আছে, এমনকি জমিদার বাড়ির এক দুইটা বিল্ডিং স্থানীয় মানুষ দখল করে এখন বসবাসও করে, সুতরাং এমন কোন কাজ করা যাবে না যার দ্বারা স্থানীয় মানুষদের প্রাইভেসি নষ্ট হয়।
আরও ছবি




ম্যাপে অবস্থান
পাঠিয়েছেন Ahmad Abdullah Osama, কুমিল্লা · ০৮/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।
Unseen Bangladesh অ্যাপে খুলুন →