
গাইবান্ধা সদর, গাইবান্ধা · ৩০০ বছর পুরোনো বকুল গাছ · লুকানো রত্ন
বকুল তলা
এই বকুল গাছটি শুধু একটি গাছ নয়, বরং আমাদের এলাকার ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য নিদর্শন। প্রচলিত জনশ্রুতি অনুযায়ী, গাছটির বয়স প্রায় ৩০০ বছর। গ্রীষ্ম থেকে শরৎকাল পর্যন্ত—মূলত বৈশাখ থেকে ভাদ্র মাস, অর্থাৎ এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে—বকুল ফুল ফোটে। বছরের অন্যান্য সময়েও বিক্ষিপ্তভাবে ফুল দেখা গেলেও বর্ষাকালেই ফুল ফোটে সবচেয়ে বেশি। বকুল ফুলের মিষ্টি সুবাস আশপাশের কয়েকটি এলাকায় ছড়িয়ে পড়ে, মুগ্ধ করে পথচারী ও প্রকৃতিপ্রেমীদের। বকুল গাছটির পাশ দিয়ে প্রায় ১.৫ কিলোমিটার রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে লাগানো হয়েছে বেলজিয়াম গাছ। সবুজে ঘেরা এই পথ আর সুগন্ধে ভরা প্রাচীন বকুল গাছ মিলিয়ে সৃষ্টি হয়েছে এক মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ, যা আমাদের এলাকার সৌন্দর্যকে আরও বহুগুণ বাড়িয়ে তুলেছে। এই গাছের সঙ্গে জড়িয়ে আছে গ্রামীণ জীবনের এক চিরচেনা দৃশ্য। মাঠে কঠোর পরিশ্রমের পর কৃষকেরা ক্লান্তি দূর করতে এই বকুল গাছের ছায়ায় আশ্রয় নেন। শীতল ছায়ায় বসে একটু বিশ্রাম নেন, মেতে ওঠেন গল্প-আড্ডায়, ফিরে পান নতুন করে কাজ করার শক্তি। এভাবেই গাছটি শুধু প্রকৃতির সৌন্দর্যই ছড়ায় না, বরং গ্রামীণ মানুষের জীবনযাত্রারও এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।
কীভাবে যাবেন
বকুলতলায় যাওয়ার সহজ পথনির্দেশনা, গাইবান্ধা জেলা শহরের পুরাতন ব্রিজ থেকে উত্তর দিকে প্রায় ১৪ কিলোমিটার দূরে অবস্থিত হাট লক্ষ্মীপুর। যাতায়াতের বিস্তারিত: ১. গাইবান্ধা পুরাতন ব্রিজ থেকে হাট লক্ষ্মীপুর: অটোতে করে যেতে পারবেন। জনপ্রতি ভাড়া প্রায় ৩০ টাকা। ২. হাট লক্ষ্মীপুর থেকে বকুলতলা: হাট লক্ষ্মীপুর তিনতলা মসজিদে নেমে স্থানীয় ভ্যান বা অটোচালককে বললেই হবে, “বকুলতলা যাব।” জনপ্রতি ভাড়া প্রায় ১০ টাকা। দূরত্ব: হাট লক্ষ্মীপুর থেকে বকুলতলার দূরত্ব প্রায় ১ কিলোমিটার। জেলা শহর থেকে মোট যাতায়াত ভাড়া: জনপ্রতি আনুমানিক ৪০ টাকা (একপথে)।
কোথায় থাকবেন
জেলা শহর, হাট লক্ষীপুর বাজার
কাছে খাবারের ব্যবস্থা
হাট লক্ষীপুর বাজার থেকে খাওয়ার জন্য কিছু নিতেন পারেন, পানির ব্যবস্থা বকুল তলায় আছে।
কাছের দর্শনীয় স্থান
বালাশি ঘাট, ফ্রেন্ডশিপ সেন্টার, sks পার্ক এন্ড রিসোর্ট
আরও ছবি








ম্যাপে অবস্থান
পাঠিয়েছেন মোঃ মিনাল ইসলাম, গাইবান্ধা · ০৯/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।