
মোগলহাট, লালমনিরহাট · নদী, সৈকত বা লেক · লুকানো রত্ন
মোগলহাট জিরো পয়েন্ট
মোগলহাট ধরলা নদী, সবুজ প্রকৃতি, চরাঞ্চল, নদীভাঙন ও ১৮৯৬ সালের ঐতিহাসিক রেলস্টেশনের স্মৃতিমাখা সীমান্ত এলাকা। বাংলাদেশের উত্তরাঞ্চলের লালমনিরহাট জেলার একটি ঐতিহ্যবাহী সীমান্তবর্তী এলাকা। এখানকার গ্রামীণ পরিবেশ, নদীর তীর, সবুজ গাছপালা, খোলা আকাশ আর শান্ত প্রকৃতি জায়গাটিকে দিয়েছে এক স্বতন্ত্র সৌন্দর্য। মোগলহাট একসময় বাংলাদেশ ও ভারতের মধ্যে রেল যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। ১৮৯৬ সালে এখানকার রেলস্টেশন চালু হয়। ধরলা নদীর ওপর পুরোনো রেলসেতুর ধ্বংসাবশেষ আজও অতীতের সেই যোগাযোগব্যবস্থার স্মৃতি বহন করে। গাছপালায় ঘেরা পথ, কৃষিজমি, নদীর পাড় এবং সাধারণ মানুষের কর্মব্যস্ত জীবন মোগলহাটকে গ্রামবাংলার নিজস্ব রূপ দিয়েছে। এখানে প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি নদীভাঙনের মতো সমস্যাও রয়েছে। মোগলহাটের অন্যতম পরিচয় ধরলা নদী। নদীর বিস্তৃত তীর, চরাঞ্চল এবং ঋতুভেদে বদলে যাওয়া প্রকৃতি এখানকার মানুষের জীবন ও জীবিকার সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে।
কীভাবে যাবেন
লালমনিরহাটের বিডিআর গেট হয়ে অটোতে মোগলহাটে আসতে পারবেন।
কোথায় থাকবেন
মোগলহাটের আশেপাশে থাকার হোটেল নেই । রাতযাপন করতে চাইলে লালমনিরহাট সদর শহরে গিয়ে হোটেল বা গেস্টহাউসে থাকতে হবে।
কাছে খাবারের ব্যবস্থা
মোগলহাটের আশেপাশে স্থানীয় ছোট দোকান ও চায়ের দোকান রয়েছে। স্থানীয় দোকানগুলোতে ভারতীয় বিভিন্ন পণ্য, যেমন চকলেট, আচার, বিস্কুট ও কেকসহ নানা ধরনের পণ্য পাওয়া যায়।
কাছের দর্শনীয় স্থান
ধরলা নদীর পাড় থেকে ভারতের সীমান্তের ওপারের জমি, বাড়িঘর ও প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। পাশাপাশি রয়েছে পুরোনো রেলসেতুর স্মৃতি।
১. মোগলহাট নামের পেছনের কাহিনি।
একটি প্রচলিত ঐতিহাসিক বিবরণ অনুযায়ী, ১৬৮৭ সালে মোগল সুবেদার শায়েস্তা খাঁর পুত্র এবাদত খাঁ কোচবিহার অভিযানের সময় এখানে ছাউনি স্থাপন করেছিলেন। সেই ছাউনি বা হাটকে কেন্দ্র করেই জায়গাটির নাম মোগলহাট হয়েছে বলে জানা যায়। তবে নামকরণের এই বিবরণটি নিশ্চিতভাবে প্রমাণিত নয়।
২. যে পথে একসময় ট্রেন ছুটত।
একসময় মোগলহাট দিয়ে ভারতের গিতালদহসহ বিভিন্ন অঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ ছিল। ধরলা নদীর ওপর রেলসেতুটি দুই অঞ্চলের যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ১৯৮৮ সালের ভয়াবহ বন্যায় সেতুর একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়, আর পুরোনো রেলপথটি আজ অতীতের স্মৃতি হয়ে রয়েছে।
৩. ধরলা নদীর কাছে হারিয়ে যাওয়া জীবনের গল্প।
ধরলা নদী শুধু মোগলহাটের সৌন্দর্য নয়, বহু মানুষের দুঃখেরও সাক্ষী। নদীভাঙনে মানুষ হারিয়েছে বসতভিটা, আবাদি জমি ও জীবিকার অবলম্বন। স্থানীয় মানুষের জীবনে নদী যেমন সৌন্দর্য এনেছে, তেমনি রেখে গেছে ঘর হারানোর বেদনাময় স্মৃতি।
আরও ছবি






ম্যাপে অবস্থান
পাঠিয়েছেন মোঃ সম্রাট হোসেন, লালমনিরহাট · ০৯/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।
Unseen Bangladesh অ্যাপে খুলুন →